নিউইয়র্ক পুলিশে ২৫০০-এর বেশি বাংলাদেশি: দ্বিতীয় প্রজন্মের অভাবনীয় সাফল্য

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাহিনীটিতে বর্তমানে বাংলাদেশি বংশোদ্ভূত ইউনিফর্মধারী কর্মকর্তা ও বেসামরিক সদস্যের মোট সংখ্যা ২,৫০০ ছাড়িয়ে গেছে। একসময় যেখানে নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের উপস্থিতি ছিল নামমাত্র, সেখানে গত দুই দশকে এই সংখ্যায় দৃশ্যমান এক পরিবর্তন এসেছে।

নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস ও জ্যামাইকা এলাকার প্রবাসী বাংলাদেশি-আমেরিকানরা এখন মূলধারার আইন প্রয়োগের কাজে সামনের সারিতে। বাংলাদেশি সদস্যরা কেবল শিক্ষানবিস বা সাধারণ অফিসার হিসেবেই থেমে নেই; যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়ে তারা ডিটেকটিভ, সার্জেন্ট, সুপারভাইজারসহ বিভিন্ন নীতি-নির্ধারণী ও প্রশাসনিক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

কমিউনিটি সূত্রের তথ্য ও প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে NYPD-তে ১,০০০-এর বেশি ইউনিফর্মধারী পুলিশ কর্মকর্তা এবং প্রায় ১,৫০০ বেসামরিক (সিভিলিয়ান) কর্মী হিসেবে কাজ করছেন। প্রবাসীদের একাংশ ট্রাফিক এনফোর্সমেন্ট বা স্কুল সেফটি বিভাগে কাজ শুরুর পর মার্কিন নাগরিকত্ব লাভ করে সরাসরি পুলিশ একাডেমিতে যোগ দিচ্ছেন। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশি কমিউনিটির এই রাজনৈতিক ও সামাজিক প্রভাব দিন দিন শক্তিশালী হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের এই সফলতা কেবল চাকরির পরিসংখ্যানেই সীমাবদ্ধ নয়; এটি কঠোর পরিশ্রম, শিক্ষা ও নতুন প্রজন্মের এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। NYPD ছাড়াও ফায়ার ডিপার্টমেন্ট (FDNY), পরিবহন সংস্থা (MTA), স্যানিটেশন ও কারেকশনস বিভাগে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে। নিউইয়র্ক সিটির সিভিল সার্ভিসে প্রবাসী বাংলাদেশিদের এমন অংশগ্রহণ মার্কিন মূলধারায় নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

শেয়ার করুন